শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার মালিতে সাম্প্রতিক সহিংস হামলার তীব্র নিন্দা ও এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন।
জিহাদি গোষ্ঠী ও তুয়ারেগ বিদ্রোহীরা দেশটির বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক হামলার দাবি করার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘মালির বিভিন্ন স্থানে হামলার খবর নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।’
মুখপাত্র স্টেফান ডুজারিক আরও বলেন, ‘সাহেল অঞ্চলে ক্রমবর্ধমান সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় এবং জরুরি মানবিক চাহিদা পূরণে সমন্বিত আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন মহাসচিব।’
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি জিহাদি গোষ্ঠী গতকাল শনিবার জানায়, তারা তুয়ারেগ বিদ্রোহীদের সঙ্গে মিলিত হয়ে মালিতে বড় ধরনের একটি সমন্বিত হামলা চালিয়েছে। এটি দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ হামলা বলে উল্লেখ করা হয়েছে।
ভোরের দিকে আকস্মিকভাবে রাজধানী বামাকোসহ বিভিন্ন এলাকায় এ হামলাগুলো চালানো হয়। একই সময় তুয়ারেগ বিদ্রোহীরা দাবি করে, তারা উত্তরাঞ্চলীয় শহর কিডাল দখল করেছে।
জাতিসংঘ মহাসচিব গুতেরেস এসব সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে মালির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষার ওপর জোর দেন।
তিনি বলেন, ‘অঞ্চলজুড়ে শক্তিশালী নিরাপত্তা সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন।’
-মালির দীর্ঘমেয়াদি নিরাপত্তা সংকট-
২০১২ সাল থেকে মালি ধারাবাহিকভাবে নিরাপত্তা সংকটে ভুগছে। জিহাদি গোষ্ঠী, অপরাধী চক্র ও বিচ্ছিন্নতাবাদীদের হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং আরও বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
২০২০ ও ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক জান্তা দাবি করেছিল যে তারা জিহাদিদের বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াই করবে।
তবে এরপরও দেশটিতে হামলা থামেনি, বরং তা অব্যাহত রয়েছে।