বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৫:১৪

ডেনমার্কে মুখোমুখি ট্রেন সংঘর্ষে বেশ কয়েকজন আহত

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কাছে বৃহস্পতিবার দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

পুলিশ ও গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কোপেনহেগেন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে হিলেরোদ ও কাগেরুপ শহরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনায় প্রায় ১০ জন আহত হন।

কোপেনহেগেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ এক বিবৃতিতে ঘটনাটিকে ‘গুরুতর দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে। 

তবে পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানান, ট্রেন দুটির সব যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ঘটনায় দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।’

পুলিশের মুখপাত্র টিম সিমনসেন জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এ বিষয়ে সতর্কবার্তা পাওয়া যায়।

তিনি বলেন, ‘এটি মুখোমুখি সংঘর্ষ ছিল ও যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।’ 

তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

নিরাপত্তা রেকর্ড নিয়ে গর্ব করে ডেনমার্ক। তবে ২০১৯ সালে এক ট্রেন দুর্ঘটনায় আট জন প্রাণ হারান ও ১৬ জন আহত হন।

গত বছরের আগস্টে একটি এক্সপ্রেস ট্রেন রেলক্রসিংয়ে একটি খামারের ট্রাককে ধাক্কা দিলে একজন নিহত ও ২৭ জন আহত হন।