শিরোনাম

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি :
- লেবাননে সাংবাদিকদের ওপর ইসরাইলের হামলা -
আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও, বুধবার দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলায় আল-আখবার পত্রিকার প্রবীণ সংবাদদাতা আমাল খলিল নিহত ও ফ্রিল্যান্স সাংবাদিক জেইনাব ফারাজ আহত হয়েছেন।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
লেবাননের রেড ক্রসের একজন কর্মকর্তা এএফপিকে জানান, তারা ফারাজকে উদ্ধার করতে সক্ষম হলেও, ধ্বংসস্তূপের নিচে থাকা খলিলের লাশের কাছে পৌঁছাতে পারেননি।
তিনি আরও বলেন, একটি ‘সতর্কতামূলক হামলার’ কারণে কয়েক ঘণ্টা পিছিয়ে আসার পর, তারা পুনরায় ফিরে গিয়ে তার লাশটি উদ্ধার করেন।
লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করাকে ‘একটি গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।
‘গুরুতর মতপার্থক্য নেই’
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বুধবার বলেছেন, লেবাননের সঙ্গে ইসরাইলের কোনো ‘গুরুতর মতপার্থক্য’ নেই।
তিনি হিজবুল্লাহকে ‘শান্তি ও স্বাভাবিকীকরণের পথে বাধা’ হিসেবে উল্লেখ করেন।
তবে হিজবুল্লাহর একজন আইন প্রণেতা সোমবার এএফপিকে জানিয়েছেন, গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা মেনে নিতে পারে।
যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং লেবানিজ কর্তৃপক্ষের মতে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত ২ হাজার ৪৫৪ জন নিহত হয়েছেন।
- গাজায় ইসরাইলের হামলায় নিহত ৫-
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার জানিয়েছে, উত্তরের বেইত লাহিয়ার আল-কাসাম মসজিদের কাছে একদল বেসামরিক নাগরিককে লক্ষ্য করে চালানো ইসরাইলের হামলায় নিহত পাঁচ ফিলিস্তিনির মধ্যে তিন জন শিশু ছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের সঙ্গে ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৭৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এই মন্ত্রণালয়টি হামাসের নিয়ন্ত্রণে রয়েছে এবং জাতিসংঘ তাদের দেওয়া পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।
- দ্বিতীয় ফরাসি সেনার মৃত্যু -
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বুধবার বলেছেন, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর সপ্তাহান্তে চালানো এক অতর্কিত হামলায় আহত হয়ে দ্বিতীয় এক ফরাসি সেনার মৃত্যু হয়েছে। এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হলেও তারা এর দায় অস্বীকার করেছে।
- শান্তি পরিকল্পনার জন্য কোনো সময়সীমা নেই-
হোয়াইট হাউস বুধবার জানিয়েছে, ইরানকে শান্তি প্রস্তাব জমা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘আজকের কিছু প্রতিবেদনের মতো প্রেসিডেন্ট ইরানের প্রস্তাব পাওয়ার জন্য কোনো কঠোর ডেডলাইন সেট করেননি। শেষ পর্যন্ত এই সময়রেখা তিনিই (ট্রাম্প) নির্ধারণ করবেন।’
- হরমুজ পুনরায় খোলা 'সম্ভব নয়' -
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, মার্কিন নৌ অবরোধ বহাল থাকা পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র হরমুজ প্রণালী পুনরায় খুলবে না। তিনি এটিকে দুই দেশের যুদ্ধবিরতির একটি ‘প্রকাশ্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।
স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির তখনই অর্থ থাকে, যখন নৌ অবরোধের মাধ্যমে তা লঙ্ঘন করা হয় না। যুদ্ধবিরতির এমন প্রকাশ্য লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খোলা সম্ভব নয়।
ট্রাম্পের দাবি ও ইরানের প্রত্যাখ্যান
ট্রাম্প দাবি করেছেন, তার অনুরোধে ইরান সরকার বিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়া আট নারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত করেছে।
তবে ইরানের বিচার বিভাগ এই দাবিকে ভুয়া খবর বলে অভিহিত করে জানিয়েছে যে, ওই নারীরা কখনোই মৃত্যুদণ্ডের মুখোমুখি হননি।
- যুদ্ধবিরতি লঙ্ঘন -
হোয়াইট হাউস বুধবার জানিয়েছে, ইরানের দুটি কন্টেইনার জাহাজ জব্দ করাকে ট্রাম্প যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করেন না, কারণ জাহাজগুলো মার্কিন বা ইসরাইলের নয়।
যুদ্ধ ইউরোপকে ‘দুর্বল’ করছে
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, এই যুদ্ধ ইউরোপকে দুর্বল করতে শুরু করেছে।
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান বলেন, যদি শান্তিকে অগ্রাধিকার দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা না করা হয়, তবে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে।