শিরোনাম

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস): ইউক্রেনের দনিপ্রো শহরে রুশ হামলায় দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। কিয়েভ থেকে এএফপি এ তথ্য জানায়।
আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দার গানঝা টেলিগ্রামে জানান, নিহতের সংখ্যা দুই এবং আহত আটজন। এছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন।
এর আগে এক পোস্টে তিনি জানান, আহতদের মধ্যে নয় ও চৌদ্দ বছর বয়সী দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন, একটি দোকান এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চার বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো প্রায় প্রতি রাতেই ইউক্রেনে শত শত ড্রোন হামলা চালাচ্ছে। এর জবাবে কিয়েভও নিয়মিত রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত লাখ লাখ মানুষ নিহত হয়েছে এবং কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের মনোযোগ সেদিকে সরে যাওয়ায় ওয়াশিংটনের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কোর মধ্যে চলমান আলোচনা বর্তমানে স্থবির হয়ে রয়েছে।