শিরোনাম

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস): বুলগেরিয়ার তুরস্ক সীমান্তের মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দু’জন ইউক্রেনের নাগরিক নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
বুধবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে জানান, ইউক্রেনের বাসটি তুরস্কে প্রবেশের সীমান্ত ক্রসিংয়ের কাছে বুরগাস-মালকো তার্নোভো সড়কে উল্টে যায়, এতে দু’জন নিহত ও আহত হন ১৬ জন, আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে উদ্ধারকারীরা জরুরি কল পায়।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন। সবাই ইউক্রেনের নাগরিক।
এর আগে ২০২১ সালে উত্তর মেসিডোনিয়ার ৪৫ জন নাগরিক একটি পর্যটক বাস দুর্ঘটনায় নিহত হন। ইউরোপের গত এক দশকের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা ছিল সেটি, যেখানে বাসটিতে দুর্ঘটনার পর আগুন ধরে যায়।