বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৫:৪৬

খাদ্য সরবরাহে মার্কিন নৌ অবরোধের প্রভাব সামান্যই : ইরান

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরানের কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি বলেছেন, শক্তিশালী অভ্যন্তরীণ উৎপাদন ও বিকল্প আমদানি পথের কারণে মার্কিন নৌ অবরোধ দেশটির নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সরবরাহের সক্ষমতার ওপর সামান্যই প্রভাব ফেলেছে। 

তেহরান থেকে এএফপি এ কথা জানিয়েছে।

কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি মঙ্গলবার বলেন, ‘মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্য সরবরাহে আমাদের কোনো সমস্যা নেই। কারণ দেশের আয়তনের কারণে বিভিন্ন সীমান্ত দিয়ে আমদানি করা সম্ভব।’

সরকারি সংবাদ সংস্থা ইরনাকে তিনি আরও বলেন, ‘প্রায় ৮৫ শতাংশ কৃষি পণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেশেই উৎপাদিত হয়, তাই দেশের খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠিত।’

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পর, ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও উপকূলের ওপর নৌ অবরোধ আরোপ করে।

ইরান এই অবরোধের তীব্র সমালোচনা করেছে এবং এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে।