বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৫:২২

লেবাননে ফরাসি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : লেবাননে এক ফরাসি শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হচ্ছে। ফ্রান্স এ ঘটনার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে।

জাতিসংঘ সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার ওই শান্তিরক্ষী হামলার শিকার হন। সে সময় তার ইউনিটটি লেবাননে জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনীর (ইউনিফিল) একটি ঘাঁটির দিকে যাচ্ছিল, যা হিজবুল্লাহ ও ইসরাইলের সংঘর্ষে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ওই হামলায় একজন ফরাসি শান্তিরক্ষী নিহত হন ও আরও তিন জন আহত হন।

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ও ইউনিফিলের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’