শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (এএফপি) : গাজায় ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
এএফপি’র সাংবাদিকরা জানান, সোমবার হামলার পর গাজা উপত্যকার আকাশে ইসরাইলি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।
১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় প্রতিদিনই সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরাইলি সেনাবাহিনী ও হামাস পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করে আসছে।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-আমাল এলাকার আল-জাকজুক জংশনের কাছে মধ্যরাতে ইসরাইলি হামলায় তিনজন নিহত হন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর শুরু হওয়া দুই বছরের যুদ্ধ শেষে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে উভয় পক্ষই নিয়মিতভাবে একে অপরকে বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস-নিয়ন্ত্রিত এ মন্ত্রণালয়ের পরিসংখ্যান জাতিসংঘ নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।
অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর গাজায় তাদের পাঁচজন সেনা নিহত হয়েছেন।
গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং প্রবেশে সীমাবদ্ধতার কারণে সেখানে হতাহতের সংখ্যা ও পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।