বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৫:০৮

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস): যিশুর মূর্তিতে ইসরাইলি সেনার আঘাত করার ছবির সত্যতা নিশ্চিতে ইসরাইলি সেনাবাহিনী সোমবার জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি সত্য। 

ওই ছবিতে দক্ষিণ লেবাননে তাদের এক সেনাকে যিশু খ্রিস্টের মূর্তিতে আঘাত করতে দেখা গেছে। ছবিতে দেখা যায়, একটি ক্রুশ থেকে পড়ে যাওয়া যিশুর মূর্তির মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করছে ওই সেনা।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ঘটনাটি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

তারা আরও জানায়, ওই সেনার আচরণ আমাদের প্রত্যাশিত মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

উত্তরাঞ্চলীয় কমান্ড ঘটনাটি তদন্ত করছে। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি কমান্ড চেইনের মাধ্যমে মোকাবিলা করা হচ্ছে।

-ইরান যুদ্ধ পরিস্থিতি তীব্র, তেলের দাম ঊর্ধ্বমুখী-

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় সোমবার তেলের দাম বেড়েছে। সপ্তাহের শেষে ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়। এর একদিন আগেই তা খুলে দেওয়া হয়েছিল।

ইরান বলেছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দর অবরোধ করায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সাত সপ্তাহের সংকট নিরসনে সম্ভাব্য চুক্তির আশায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। এমন অবস্থায়ও তেহরান জানিয়েছে, তারা আপাতত শান্তি আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা করছে না।

-যুক্তরাষ্ট্রের হাতে ইরানি জাহাজ জব্দ-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস সপ্রুয়ান্স ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘তউস্কা’-তে গুলি চালিয়ে তা জব্দ করেছে।

তিনি আরও বলেন, মার্কিন মেরিন সদস্যরা জাহাজে কী আছেÑ তা পরীক্ষা করছেন।

ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তাদের একটি জাহাজ জব্দের পর, ইরান মার্কিন সামরিক জাহাজের দিকে ড্রোন পাঠিয়ে পাল্টা জবাব দিয়েছে।

বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েনের মধ্যেই এ ঘটনা ঘটল।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের চাপে প্রণালীটি কয়েক সপ্তাহ প্রায় বন্ধ ছিল।

লেবাননে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি স্বীকৃতি দিয়ে শুক্রবার সাময়িকভাবে প্রণালীটি খুলে দেয় তেহরান।

তবে ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে শনিবার আবারও তা বন্ধ করে দেয়।

-শান্তি আলোচনা অনিশ্চিত-

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার তেহরানের কোনো পরিকল্পনা নেই।

ট্রাম্প ইসলামাবাদে আলোচক পাঠানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ইরানি সূত্রের বরাতে জানায়, ‘পরবর্তী দফার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেওয়ার তেহরানের কোনো পরিকল্পনা বর্তমানে নেই।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রোববার বলেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।

তিনি এ আলোচনাকে ‘উষ্ণ ও গঠনমূলক’ বলে অভিহিত করেন ও সংঘাত নিরসনে মধ্যস্থতায় পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন।

-সিরিয়ায় হিজবুল্লাহর হামলা নস্যাৎ-

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, দক্ষিণ কুনেইত্রা প্রদেশে সীমান্তপারের একটি হামলা পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। 

তাদের দাবি, এটি ছিল ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি সেলের পরিকল্পনা। 

তবে হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে।

সিরীয় কর্মকর্তারা বলেন, বেসামরিক একটি গাড়িতে লুকানো রকেট নিক্ষেপ সরঞ্জামসহ একটি নাশকতার পরিকল্পনা প্রতিহত করা হয়েছে। তাদের মতে, এটি অঞ্চলের স্থিতিশীলতা নষ্টের উদ্দেশ্যে করা হয়েছিল।

এলাকাটি ইসরাইল অধিকৃত গোলান মালভূমির সীমান্তঘেঁষা।

-মার্কিন আলোচকরা পাকিস্তানে যাচ্ছেন-

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা পুনরায় শুরু করতে, সোমবার মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছেন।

তিনি আবারও হুঁশিয়ারি দেন, কোনো চুক্তি না হলে, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করা হবে।

তিনি জানাননি কে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দেবেন।

তিনি আগের দফার ব্যর্থ আলোচনাতেও নেতৃত্ব দিয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, তিনি ইরানকে  ‘যৌক্তিক চুক্তি’ দিচ্ছেন।

কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করলে, ‘যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে, আর কোনো নমনীয়তা দেখানো হবে না।’

-লেবাননের প্রধানমন্ত্রী প্যারিসে-

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মঙ্গলবার প্যারিসে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের সঙ্গে বৈঠক করবেন।

লেবাননে এক ফরাসি শান্তিরক্ষী নিহত হওয়ার একদিন পর এ বৈঠক হচ্ছে।

এদিকে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে।

-ইসরাইলের ‘পূর্ণ শক্তি’ ব্যবহারের হুঁশিয়ারি-

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো হুমকি এলে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ‘পূর্ণ শক্তি’ ব্যবহার করবে তার বাহিনী।

এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত নাবাতিয়েহ ও খারদালি শহরের মধ্যে একটি সড়ক ও সেতু পুনরায় চালু করা হয়েছে।

-ইরানে বিমানবন্দর চালু-

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ বিমানবন্দর থেকে সোমবার আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হবে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

-যুদ্ধবিরতি বাড়ার আশা তুরস্কের-

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা।

এ সময়সীমা বাড়ানো হবে ও আলোচনার জন্য আরও সময় পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।