বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৩:১৪

ওয়াশিংটন-তেহরান আলোচনার আগে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পাকিস্তানি প্রধানমন্ত্রীর

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এসময় চলমান সংঘাত অবসানে মধ্যস্থতা করতে তার সরকারের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। ইসলামাবাদে মার্কিন-ইরান প্রত্যাশিত আলোচনার আগেই এই ফোনালাপ হয়।

বার্তাসংস্থা এএফপি ইসলামাবাদ থেকে এ খবর জানিয়েছে।

শরীফ এক্স-এ দেওয়া পোস্টে লিখেছেন, ‘আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আমার একটি আন্তরিক ও গঠনমূলক আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘টেকসই শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় আন্তরিক ও নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পাঠাচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন আগে এ আলোচনা হওয়ার কথা রয়েছে। 

তবে আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি তেহরান।