শিরোনাম

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার এক বন্দুকধারীর গুলিতে অন্তত ছয় জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই বন্দুকধারীকে গ্রেফতারের চেষ্টা চালালে, সে পুলিশের গুলিতে নিহত হয়। এ সময় ওই সন্ত্রাসীর গুলিতে ছয়জন নিহত হন।
তারা আরও জানান, ওই হামলাকারী ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সুপারমার্কেটে বন্দুক হামলা চালায় ও কয়েকজনকে জিম্মি করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শহরের দক্ষিণের একটি আবাসিক এলাকায় এই হামলা ও জিম্মি পরিস্থিতির ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জেলেনেস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘ওই হামলাকারী কয়েকজনকে জিম্মি করে এবং দুর্ভাগ্যজনকভাবে তাদের একজনকে হত্যা করে। এছাড়াও সে রাস্তায় চার জনকে গুলি করে হত্যা করে। এই বন্দুক হামলায় গুরুতর আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
তিনি আরও বলেন, সুপারমার্কেট থেকে চার জিম্মিকে উদ্ধার করা হয়েছে।