বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৮:২৮

চুক্তি না হলে ইরানের বন্দর অবরোধ বহাল থাকবে : ট্রাম্প

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌঅবরোধ বহাল থাকবে| একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে তা বাড়ানো নাও হতে পারে|

এএফপি জানায়, শুক্রবার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সম্ভবত আমি যুদ্ধবিরতি বাড়াব না, তবে অবরোধ বহাল থাকবে|’

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে ইরান শুক্রবার হরমুজ প্রণালী পুনরায় খুলে দিলেও যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে আবারও এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান|

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা|

সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটা হবে|’

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে| পাকিস্তানে অনুষ্ঠিত আগের দফার আলোচনায় দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি|

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ইরান কোনো ‘টোল’ আরোপ করবে না—যা আগে আলোচনায় ইরান প্রস্তাব করেছিল|

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ায় ‘খুবই খুশি’|

তিনি আরও জানান, মে মাসে বেইজিংয়ে নির্ধারিত তাদের ˆবঠক ‘বিশেষ’ এবং ‘সম্ভবত ঐতিহাসিক’ হবে|

এদিকে যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবে ইরানে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের কথাও পুনরায় উল্লেখ করেন ট্রাম্প|

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে, তাদের ইউরেনিয়ামের মজুদ ‘কোথাও’ স্থানান্তর করা হবে না|