বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৩:৫৭

চীনের আকাশসীমায় হয়রানির অভিযোগ নাকচ করল নিউজিল্যান্ড

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : নিউজিল্যান্ড শনিবার চীনের আকাশসীমায় ‘বিঘ্ন সৃষ্টিকারী ও দায়িত্বজ্ঞানহীন’ সামরিক নজরদারির বিষয়ে বেইজিংয়ের অভিযোগ নাকচ করেছে। 

দেশটি জানায়, তাদের সামরিক কার্যক্রম জাতিসংঘ-সমর্থিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই মহড়াগুলো পরিচালিত হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বেইজিং গতকাল শুক্রবার বলেছে যে, নিউজিল্যান্ডের একটি পি-৮এ ডুবোজাহাজ-বিধ্বংসী টহল বিমান চীন-সংলগ্ন হলুদ সাগর এবং পূর্ব চীন সাগরের আকাশে ‘অত্যন্ত কাছ থেকে নজরদারি ও হয়রানিমূলক কার্যক্রম’ চালিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, এই ধরনের কর্মকাণ্ড চীনের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী, এটি ভুল বোঝাবুঝি ও ভুল হিসাবের ঝুঁকি বাড়ায় এবং সংশ্লিষ্ট আকাশপথে বেসামরিক বিমান চলাচলের শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত করে।

এর জবাবে নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনী (এনজেডডিএফ) জানায়, তাদের বিমানটি ওই অঞ্চলে জাতিসংঘ অনুমোদিত উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করার পর্যবেক্ষণ মিশনে ছিল।

এনজেডডিএফ-এর এক মুখপাত্র বলেন, ‘এই কার্যক্রম চীনের বিরুদ্ধে নয়। বরং পীত সাগর ও পূর্ব চীন সাগরে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়গুলো পর্যবেক্ষণ করাই এর উদ্দেশ্য।’

এনজেডডিএফ-এর ওই মুখপাত্র আরও বলেন, ‘নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পেশাদারভাবে এবং আন্তর্জাতিক আইন ও ওই অঞ্চলের বেসামরিক বিমান চলাচলের নিয়ম মেনে কাজ করেছে।’

তিনি বলেন, আমরা উড্ডয়নের রুট ও সব তথ্য পর্যালোচনা করেছি। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, যা থেকে বোঝা যায় যে তারা বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে।

বিষয়টি নিয়ে ওয়েলিংটন ও বেইজিংয়ের মধ্যে ‘আলোচনা’ হয়েছে বলে জানান তিনি।