শিরোনাম

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলায় ৪৬ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। বন্দিদের পরিবারের সদস্যরা এএফপিকে এ তথ্য জানান।
নিকোলাস মাদুরোর পতনের পর বৃহস্পতিবার এটি সর্বশেষ মুক্তির ঘটনা। কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গত ৩ জানুয়ারি রাজধানী কারাকাসে এক অভিযানে মার্কিন বাহিনী মাদুরোকে আটক করার পর থেকেই দেশটিতে কয়েকশ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
ফেব্রুয়ারিতে গৃহীত একটি গুরুত্বপূর্ণ সাধারণ ক্ষমা আইন এ প্রক্রিয়ার অন্যতম বড় সংস্কার। যুক্তরাষ্ট্রের চাপের মুখে মাদুরোর উত্তরসূরি ডেলসি রদ্রিগেজ এই আইন কার্যকর করেন।
তবে এখনো অন্তত ৫০০ রাজনৈতিক বন্দি কারাগারে রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কারাকাসের দক্ষিণে ইয়ারি কারাগারের বাইরে প্রায় ৫০টি পরিবার জমায়েত হয়। ধীরে ধীরে বন্দিরা মুক্ত হয়ে বেরিয়ে আসেন।
মুক্তিপ্রাপ্তদের বেশিরভাগই ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ’র কর্মী। গত বছর কোম্পানিটির ১৭৩ কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে চোরাচালান, নাশকতা ও দুর্নীতির অভিযোগ আনা হয়।