শিরোনাম

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক বিষয়ক সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ভারপ্রাপ্ত প্রধান টড লায়ন্স আগামী মে মাসে পদ ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন। এই সংস্থা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিরোধী অভিযান বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন এক বিবৃতিতে জানান, টড লায়ন্স আইসিই-এর একজন অসাধারণ কর্মকর্তা ছিলেন। ৩১ মে হবে তার শেষ কর্মদিবস এবং বেসরকারি খাতে তার পরবর্তী সুযোগের জন্য শুভ কামনাও জানান তিনি।
লায়ন্সকে ২০২৫ সালের মার্চে ট্রাম্প প্রশাসন আইসিই-এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেয়। মুলিন তাকে প্রেসিডেন্টের ‘অভিবাসন দমন নীতির গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে উল্লেখ করেন।
তবে তার পদত্যাগের কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি এবং তার স্থলাভিষিক্ত কে হবেন সেটাও ঘোষণা করা হয়নি।
সংস্থাটি সাম্প্রতিক সময়ে কঠোর অভিযান নিয়ে সমালোচনার মুখে রয়েছে। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের অভিযানে বিক্ষোভকারী দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
এছাড়া, ট্রাম্পের অভিবাসন দমন অভিযানের শীর্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত গ্রেগরি বোভিনোও সম্প্রতি পদত্যাগ করেন।
লায়ন্স কংগ্রেসে এক শুনানিতে বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের গণ-নির্বাসনের দায়িত্ব দিয়েছেন এবং আমরা সেই দায়িত্ব পালন করছি।’