শিরোনাম

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস): প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, চুক্তি সইয়ের জন্য তিনি পাকিস্তানে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারেন।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে রাজি হয়েছে। ইসলামাবাদে পরবর্তী আলোচনার কথা ভাবছে দুই দেশ।
হেলিকপ্টারে করে লাস ভেগাসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি এ কথা বলেন।
ট্রাম্প আরও বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—এ বিষয়ে তাদের নিশ্চিত করতে হয়েছে।
তিনি বলেন, ইরান এ বিষয়ে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে এবং প্রায় সব শর্তেই তারা রাজি হয়েছে।
পাকিস্তানে চুক্তি সইয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি যেতে পারি। চুক্তি যদি ইসলামাবাদে সই হয়, তাহলে আমি সেখানে যেতে পারি।’
ইরানের সঙ্গে আলোচনার মধ্যস্থতা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির প্রভাবশালী সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকারও প্রশংসা করেন এই মার্কিন প্রেসিডেন্ট।
গত সপ্তাহে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ওই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, তারা দ্বিতীয় দফার বৈঠকের বিষয়ে আলোচনা চলছে; এটিও সম্ভবত পাকিস্তানে হবে।
ট্রাম্প যোগ করেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে রাজি হয়েছে; যা চুক্তির ক্ষেত্রে প্রধান বাধা ছিল। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেন, তারা আমাদের ‘নিউক্লিয়ার ডাস্ট’ ফিরিয়ে দিতে রাজি হয়েছে। সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বোঝাতে তিনি মূলত এই শব্দ ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের মতে এগুলো পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে।