শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের সেনাপ্রধান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানি মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ফিল্ড মার্শাল আসিম মুনির গতকাল ইরানে এসেছেন। তিনি বৃহস্পতিবার সকালে মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।’
পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হওয়ার পর গালিবাফকে ইরানের প্রধান আলোচক হিসেবে দেখা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফা আলোচনার জন্য গত সপ্তাহে পাকিস্তান সফর করেন।
সর্বশেষ বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বুধবার মুনির তার প্রতিনিধিদলসহ তেহরানে পৌঁছান। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছেন।
ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা ‘খুব সম্ভবত ইসলামাবাদেই হবে’।
গত শনিবার গালিবাফ ও তার প্রতিনিধিদল ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরান-যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনা কবে হবে, তা এখনো নির্ধারণ হয়নি।
ইরানের প্রধান আলোচক হিসেবে কালিবাফ বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি জানান, লেবাননে যুদ্ধবিরতি ইরানের মতোই ‘গুরুত্বপূর্ণ।’