বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৭:৫৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার কাতারে পৌঁছেছেন, যেখানে তিনি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রচেষ্টা জোরদার করছেন।

দোহা থেকে এএফপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাতে জানায়, সৌদি আরব সফর শেষে তার প্রতিনিধিদল দোহায় পৌঁছেছে এবং তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন।

বিবৃতিতে বলা হয়, উভয় নেতা ‘আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের চলমান প্রচেষ্টা’ নিয়ে মতবিনিময় করবেন।

চার দিনের সফরের শেষ গন্তব্য হিসেবে পরে তুরস্কে যাওয়ার কথা রয়েছে শরিফের। গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের বৈঠকের পরপরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

পাকিস্তানে অনুষ্ঠিত ওই আলোচনা মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, যদিও ৭ এপ্রিল ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে শুরুতেই ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়।

ইরানের সঙ্গে বিশাল সাউথ পার্স গ্যাসক্ষেত্র ভাগাভাগি করা কাতার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম প্রধান এলএনজি উৎপাদক। পাকিস্তানসহ এশিয়ার বহু দেশের জন্য কাতার একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী।