বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৩:২৩
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৩:৩৮

ফের ধর্মঘটের ডাক লুফথানসা পাইলট ইউনিয়নের

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : বেতন ও পেনশন নিয়ে বিরোধের জেরে নতুন করে দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে লুফথানসা পাইলট ইউনিয়ন। বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। এর আগে সপ্তাহের শুরুতেও কর্মবিরতি পালন করে তারা।

মঙ্গলবার ভেরাইনিগুং ককপিট (ভিসি) ইউনিয়ন সংস্থার সদস্যদের বৃহস্পতিবার ও শুক্রবার কর্মবিরতি পালনের আহ্বান জানায়। এর আগে সোম ও মঙ্গলবারের কর্মবিরতিতে শত শত ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা ঘটে।

নতুন এই কর্মসূচিতে ‘ক্লাসিক’ লুফথানসা ব্র্যান্ডের পাশাপাশি তাদের সহযোগী প্রতিষ্ঠান সিটিলাইন ও ইউরোউইংসের ফ্লাইট এবং পণ্যবাহী বিভাগ লুফথানসা কার্গোর কার্যক্রমও ব্যাহত হবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছর পাইলট ও কেবিন ক্রু উভয়ের ধর্মঘটে একের পর এক ধাক্কা খাচ্ছে এই জার্মান বিমান পরিবহন জায়ান্ট।

বুধবার ফ্রাঙ্কফুর্টে ইউএফও ইউনিয়নের একটি বিক্ষোভ কর্মসূচিও রয়েছে। বিমান সংস্থাটির শতবর্ষ উদযাপনের পাশপাশি এটিরও  আয়োজন করা হবে। সেখানে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের উপস্থিত থাকার কথা রয়েছে।

ভেরাইনিগুং ককপিট  সভাপতি আন্দ্রেয়াস পিনেইরো মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ‘পাইলটদের ক্ষেত্রে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিয়োগকর্তাদের পক্ষ থেকে কোনো অগ্রগতি নেই।’

পাইলটরা উন্নত অবসর সুবিধাদি দাবি করছেন। অন্যদিকে ঋণ সামাল দিতে ব্যয় কমানোর কথা বলছে লুফথানসা।

পরিস্থিতির অবনতি ঠেকাতে তৃতীয় পক্ষকে যুক্ত করে ‘বাধ্যতামূলক মধ্যস্থতা প্রক্রিয়া’ চালুর দাবি জানিয়েছে ইউনিয়ন।

আন্দ্রেয়াস পিনেইরো বলেন, ‘এটি আমাদের জন্য কোনো রাজনৈতিক ক্ষমতার লড়াই বা ব্যক্তিগত ইগোর বিষয় নয়। বরং টেকসই সমাধানের প্রশ্ন।’