শিরোনাম

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৬ (বাসস) : ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ও রাশিয়ার সঙ্গে তেল চুক্তি সম্পাদনের পর এবার ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে ইন্দোনেশিয়া।
প্যারিসে দু’দেশের প্রেসিডেন্টদের বৈঠকের পর বুধবার জাকার্তা এ তথ্য জানায়।
সরকারি বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার এলিসি প্রাসাদে ইন্দোনেশীয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সেখানে তারা ‘কৌশলগত সহযোগিতা জোরদার’ করা নিয়ে আলোচনা করেন।
জাকার্তা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বিবৃতিতে আরো বলা হয়, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও প্রতিরক্ষা শিল্প শক্তিশালীকরণ নিয়ে তারা আলোচনা করেন। ইউরোপে ফ্রান্সকে ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদার হিসেবেও উল্লেখ করা হয়।
নেতারা ‘জ্বালানি রূপান্তর এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন’ ক্ষেত্রেও সহযোগিতায় একমত হন।
সোমবার মস্কোর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে সরাসরি প্যারিসে যান তিনি।
ক্যাবিনেট সেক্রেটারি টেডি ইন্দ্রা উইজায়া বরাতে জানানো হয়, পুতিনের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব জোরদার, বিশেষত জ্বালানি, খনিজ সম্পদ এবং জাতীয় শিল্প উন্নয়ন খাতে’ সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন প্রাবোও।
সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করা ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্ট তার ধারাবাহিক বিদেশ সফরের কারণও ব্যাখ্যা করেছেন।
চলতি মাসে মন্ত্রিসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘ভাই ও বোনেরা; তেল সরবরাহ নিশ্চিত করতে আমাকে সব জায়গায় যেতে হচ্ছে।’
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের দাম বেড়ে যাওয়ায় অনেক দেশের মতো ইন্দোনেশিয়াও চাপে পড়েছে।
জোট নিরপেক্ষ কূটনৈতিক অবস্থান বজায় রাখার কথা বললেও, গত বছর উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দেয় জাকার্তা। এই জোটে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনও রয়েছে।
প্রাবোও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিও সই করেছেন। এছাড়া ট্রাম্প ঘোষিত তথাকথিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিয়েছেন। তবে স্থায়ী সদস্য হতে ১০০ কোটি ডলার যোগদান ফি দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
ফ্রান্সে তৈরি অস্ত্রের বড় ক্রেতা ইন্দোনেশিয়া। ২০২২ সালে প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে প্রাবোও ৪২টি ফরাসি রাফাল যুদ্ধবিমান কিনতে ৮১০ কোটি ডলারের চুক্তি করেছিলেন।
২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইন্দোনেশিয়ার পুরোনো সামরিক সরঞ্জাম আধুনিকায়নের উদ্যোগ নেন সাবেক এই সামরিক জেনারেল।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী স্যাফরি স্যামসোউদ্দিনকে স্বাগত জানান। এসময় ‘মেজর ডিফেন্স কো-অপারেশন পার্টনারশিপ’ ঘোষণা করা হয়।
যৌথ বিবৃতিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অভিন্ন অঙ্গীকারের কথাও তুলে ধরা হয়।
মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, তেল ও পেট্রোলিয়ামজাত তরল পরিবহনে বিশ্বের ব্যস্ততম রুট মালাক্কা প্রণালির পাশেই ইন্দোনেশিয়া অবস্থিত। এই কৌশলগত অবস্থানের কারণে দেশটি গুরুত্বপূর্ণ।
আর চীনে সরবরাহ হওয়া তেলের বিশাল অংশ এই প্রণালির মধ্য দিয়েই পরিবাহিত যায়।
মঙ্গলবার জাকার্তা জানায়, যুক্তরাষ্ট্রের ‘ওভারফ্লাইট ক্লিয়ারেন্স’ বা ‘আকাশপথে উড্ডয়নের ছাড়পত্র’ চাওয়ার অনুরোধ বিবেচনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই অনুমোদন চীনকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইন্দোনেশিয়ার অবস্থান আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হবে।