বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৫:০৭

অস্ট্রেলিয়ায় প্রথম নারী সেনাপ্রধান হলেন সুজান কয়েল

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস): ১২৫ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর নেতৃত্ব দিতে যাচ্ছেন। সোমবার এই ঐতিহাসিক নিয়োগের ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস।

সিডনি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল সুজান কয়েলকে অস্ট্রেলিয়ার সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিন দশকের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি সলোমন দ্বীপপুঞ্জ, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী মার্লেস সাংবাদিকদের বলেন, 'তার এই অর্জন অস্ট্রেলিয়ার ইতিহাসে নজিরবিহীন। দেশের সামরিক বাহিনীর নেতৃত্বে আসীন হওয়া তিনিই প্রথম নারী।'

তিনি আরও বলেন, এটি সত্যিই এক ঐতিহাসিক মুহূর্ত। সুজান নিজেই আমাকে বলেছিলেন, যা দেখা যায় না, তা হওয়ার স্বপ্নও কেউ দেখে না।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী এক বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দূরপাল্লার অস্ত্র, ড্রোন ও অন্যান্য আধুনিক যুদ্ধ-সরঞ্জামে নিজেদের সজ্জিত করছে বাহিনীটি।

সাইবার যুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কয়েল বলেন, 'এই বহুমুখী অভিজ্ঞতা আমার ওপর অর্পিত দায়িত্ব পালন ও আস্থা সুরক্ষায় একটি শক্ত ভিত্তি গড়ে দিয়েছে।'