বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৫৯

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরানের বিচার বিভাগের অধীনস্থ সংস্থা ‘লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন’-এর প্রধান আব্বাস মাসজেদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংস্থা’র প্রধান আব্বাস মাসজেদি বলেন, সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন বৈজ্ঞানিক ও বিশেষায়িত পদ্ধতি ব্যবহার করে ৩ হাজার ৩৭৫ জন শহীদের লাশ শনাক্ত করেছে। 

মেডিসিন অর্গানাইজেশন-এর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

আব্বাস মাসজেদি আরও জানান, নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ ও ৪৯৬ জন নারী রয়েছে। তবে তাদের মধ্যে কতজন প্রাপ্তবয়স্ক বা শিশু, সে বিষয়ে তিনি নির্দিষ্ট তথ্য দেননি।

ইরানে চলমান মার্কিন ও ইসরাইলি হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। 

সংবাদ সংগ্রহের সীমাবদ্ধতা ও হামলার স্থানগুলোতে সরাসরি প্রবেশের সুযোগ না থাকায়, এএফপি স্বাধীনভাবে এই হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।