বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৩:১৯

প্রথম দফার ভোটে ‘বামপন্থী শত্রুর’ বিরুদ্ধে জয়ের দাবি ফুজিমোরির

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ডানপন্থী প্রার্থী কেইকো ফুজিমোরি সোমবার প্রথম দফার ভোটকে বামপন্থী শত্রুর বিরুদ্ধে জয় বলে দাবি করেছেন। 

তিনি দ্বিতীয় দফার রানঅফে যাওয়ার পথে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক্সিট পোল ও আংশিক গণনায় দেখা গেছে, সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে ৫০ বছর বয়সী এই প্রার্থী অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন। 

তবে সরাসরি জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট থেকে তিনি অনেকটাই পিছিয়ে আছেন।

দ্বিতীয় স্থানের জন্য এবং দুই প্রার্থীর রানঅফে জায়গা পাওয়ার লড়াইয়ে পরিসংখ্যানগতভাবে সমতা দেখা গেছে। এ অবস্থায় কট্টর ডানপন্থী প্রার্থী রাফায়েল ‘পর্কি’ লোপেজ আলিয়াগাও (রাফায়েল বার্নার্ডো লোপেজ আলিয়াগা কাজরলা) শক্ত অবস্থানে রয়েছেন।