বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১৮:৪২

লেবাননে হামলা বন্ধে ইসরাইলের ওপর ইউরোপীয় ও আরব চাপ 

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইউরোপীয় ও আরব দেশগুলো লেবাননের রাজধানী বৈরুতে হামলা বন্ধ করতে ইসরাইললের ওপর চাপ সৃষ্টি করেছে বলে এক পশ্চিমা কূটনীতিক শুক্রবার জানিয়েছেন।

বুধবারের ভয়াবহ হামলার দুই দিন পর এই চাপের কথা জানা গেল, যেদিন লেবাননে ইসরাইলি হামলায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হন।

বৃহস্পতিবার বিকেলে ইসরাইলি বাহিনী দক্ষিণ বেইরুতের ঘনবসতিপূর্ণ বড় এলাকা লক্ষ্য করে হামলার আগাম সতর্কতা জারি করেছিল। তবে শুক্রবার দুপুর পর্যন্ত সেই হুমকি কার্যকর করা হয়নি।

বৈরুত থেকে এএফপি জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই পশ্চিমা কূটনীতিক বলেন, ‘ইউরোপীয় দেশগুলো, উপসাগরীয় রাষ্ট্রসমূহ এবং মিসর ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে, যাতে ‘ব্ল্যাক বুধবার’-এর পর আবার বৈরুতে হামলা না চালানো হয়।’

বুধবারের ওই সমন্বিত হামলায় বেইরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে লেবাননের সামরিক সূত্র জানিয়েছে।

এই হামলা চালানো হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল জানায়, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

বৃহস্পতিবারের সতর্কতায় এমন এলাকাও অন্তর্ভুক্ত ছিল, যেখানে বড় বড় হাসপাতাল এবং দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের সড়ক রয়েছে।

লেবাননের জনপথ ও পরিবহনমন্ত্রী ফায়েজ রাসামনি জানিয়েছেন, তিনি বিদেশি কূটনীতিকদের কাছ থেকে আশ্বাস পেয়েছেন যে বিমানবন্দর ও এর সড়ক লক্ষ্যবস্তু হবে না।

একইভাবে, দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল রফিক হারিরি হাসপাতালের পরিচালক মোহাম্মদ জাতারি বলেন, ‘আমরা আন্তর্জাতিক রেডক্রসসহ বিভিন্ন পক্ষ থেকে নিশ্চয়তা পেয়েছি যে হাসপাতালটিতে হামলা চালানো হবে না।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার ইসরাইলকে বেইরুতের জনাহ এলাকায় জারি করা লোকজন সরিয়ে নেওয়ার সতর্কতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। কারণ ওই এলাকায় রফিক হারিরি ও আল-জাহরা হাসপাতালে প্রায় ৪৫০ জন রোগী রয়েছেন, যাদের মধ্যে ৪০ জন আইসিইউতে।

এদিকে দক্ষিণ লেবাননে রাতভর এবং শুক্রবারও ইসরাইলি হামলা অব্যাহত ছিল বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। নাবাতিয়েহর কাছে হাব্বুশ গ্রামে এক ভবনে হামলার পর অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে।

অন্যদিকে, হিজবুল্লাহ উত্তর ইসরাইলে একাধিক রকেট হামলার দাবি করেছে এবং সীমান্ত এলাকায় অগ্রসরমান ইসরাইলি সেনাদের ওপরও আক্রমণ চালানোর কথা জানিয়েছে।