বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১৪:৩৩

লেবানন থেকে রকেট হামলা, ইসরাইল জুড়ে সাইরেন

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস): লেবানন থেকে রকেট ছোঁড়ার পর শুক্রবার ভোরে ইসরাইল জুড়ে বিমান হামলার সতর্ক সাইরেন বেজে ওঠে। বাণিজ্যিক কেন্দ্র  তেল আবিব ও দক্ষিণ উপকূলীয় শহর আশদোদসহ বেশ কিছু এলাকায় এই সতর্কতা জারি করা হয়।

তেল আবিব থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতিকে আরও চাপে ফেলে দিচ্ছে।

বৃহস্পতিবারও ইসরাইল ও হিজবুল্লাহ’র মধ্যে একাধিক পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

শুক্রবারের রকেট হামলার পর ইসরাইলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানায়, রকেট হামলার পর সতর্কতা জারি করা এলাকাগুলো লেবানন সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ইসরাইলি গণমাধ্যম জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত একটি রকেট ভূপাতিত করেছে।