বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১৪:১৫

মধ্যপ্রাচ্যের যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ ঘটনাবলি তুলে ধরা হল:

-ইরানের নেতার নতুন বার্তা-
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বার্তায় বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না। তবে রাষ্ট্র হিসেবে নিজের অধিকার রক্ষা করবে। সর্বশেষ এক লিখিত বার্তায় এ কথা জানান তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য প্রচার করা হয়েছে। 

তিনি বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই আমাদের ন্যায্য অধিকার ছেড়ে দেব না। এ ক্ষেত্রে পুরো প্রতিরোধ ফ্রন্টকে আমরা একটি সত্তা হিসেবে বিবেচনা করি।’ 

এটি লেবাননের প্রসঙ্গের ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে ইসরাইল তেহরানের মিত্র হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে।

প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।

গত ২৮ ফেব্রুয়ারির প্রথম দফা হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে বাবার স্থলাভিষিক্ত হন মোজতবা খামেনি। কিন্তু এখনও তাকে জনসমক্ষে দেখা যায়নি।

-হরমুজ নিয়ে ট্রাম্পের অভিযোগ-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, হরমুজ প্রণালী দিয়ে তেল  পরিবহন নিশ্চিতে ইরান ‘খুবই ন্যাক্কারজনক কাজ’ করছে। এতে দুই সপ্তাহের নাজুক যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হয়েছে বলেও দাবি করেন তিনি।

ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ‘ইরান খুবই বাজে কাজ করছে। কেউ কেউ এটিকে লজ্জাজনকও বলবে; হরমুজ প্রণালি দিয়ে তেল সরবাহ করতে দিচ্ছে না। এটা আমাদের চুক্তিতে নেই।’

-হরমুজে টোল নিয়ে সতর্কবার্তা-
হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের বিরুদ্ধেও ইরানকে সতর্ক করেছেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘খবর পাচ্ছি, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ট্যাংকারগুলো থেকে ইরান টোল নিচ্ছে, এটা যেন না হয়। আর যদি হয়, তবে তা এখনই বন্ধ করতে হবে!’

কয়েক মিনিট পর আরেক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক খুব শিগরিগই তেল সরবরাহ শুরু হবে।’

-বৈরুত ছাড়ার নির্দেশ ইসরাইলের—
এদিকে ইসরাইলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। সেখানে শিগগির হামলা হতে পারে বলে সতর্ক করা হয়।

অবশ্য বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই নির্দেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, লক্ষ্যবস্তু এলাকায় দুটি হাসপাতাল রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ যুদ্ধ শুরুর পর বুধবার দেশটিতে ইসরাইল সবচেয়ে বড় হামলা চালায়। এতে তিন শতাধিক নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হন।

-হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প-স্টারমারের আলোচনা-
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক করতে ‘কার্যকর পরিকল্পনার’ আহ্বান জানিয়েছেন ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর এ তথ্য জানিয়েছে।

ডাউনিং স্ট্রিট জানায়, যুদ্ধবিরতি ও প্রণালী খোলার সম্মতির পর এখন সমাধানের পরবর্তী ধাপে যাওয়ার সময় এসেছে।

দুই নেতা দ্রুত জাহাজ চলাচল শুরু করতে করণীয় নিয়ে আলোচনা করেন এবং আবার কথা বলার বিষয়ে একমত হয়েছেন।

-ওয়াশিংটনে ইসরাইল-লেবানন বৈঠক-
বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি এ আলোচনার নির্দেশ দিয়েছেন। 

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানে আলোচনায় বসার কথা রয়েছে।

ইসরাইল স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননে তাদের অভিযানে প্রভাব ফেলবে না।

তবে হিজবুল্লাহর এক আইনপ্রণেতা লেবানন-ইসরাইলের সরাসরি আলোচনার বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন।

-লেবাননের সঙ্গে আলোচনা চায় ইসরাইল-
নেতানিয়াহু জানান, ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করা ও দু’দেশের মধ্যে ‘শান্তিপূর্ণ সম্পর্ক’ প্রতিষ্ঠার লক্ষ্যে সরাসরি আলোচনার নির্দেশ দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে তার কার্যালয় থেকে বলা হয়, ‘লেবাননের বারবার অনুরোধের প্রেক্ষিতে দ্রুত সরাসরি আলোচনা শুরু করতে মন্ত্রিসভাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

-হিজবুল্লাহকে হুঁশিয়ারি-
এর আগে নেতানিয়াহু বলেন, ‘যেখানে প্রয়োজন, সেখানেই হিজবুল্লাহর ওপর হামলা চালানো হবে।’

তিনি বলেন, ‘শক্তি, নির্ভুল ও দৃঢ়তার সঙ্গে আমরা এ হামলা চালিয়ে যাচ্ছি।’

- খামেনির স্মরণে সমাবেশ-
ইরানজুড়ে হাজারো মানুষ প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে সমাবেশ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় নিহত হওয়ার পর তার স্মরণে এসব কর্মসূচি নেওয়া হয়।

সমর্থকেরা তার প্রতিকৃতি ও ইসলামি প্রজাতন্ত্রের পতাকা হাতে নিয়ে সমাবেশে অংশ নেন।