বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১১:৪৪

বৈরুত ছাড়ার নির্দেশ প্রত্যাহারের আহ্বান ডব্লিউএইচও’র

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস): লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে ইসরাইলের দেওয়া নির্দেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কারণ, ওই এলাকায় দুটি হাসপাতাল রয়েছে।

জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। সেখানে শিগগিরই হামলা হতে পারে বলেও সতর্ক করা হয়। এলাকাটি দীর্ঘদিন ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, জানাহ জেলায় রফিক হারিরি ইউনিভার্সিটি হাসপাতাল ও আল-জাহরা হাসপাতাল রয়েছে। সেখানে কমপক্ষে ৪৫০ জন রোগী ভর্তি। তাদের সবাই নিবিড় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘এই মুহূর্তে এসব রোগীকে স্থানান্তরের জন্য বিকল্প চিকিৎসা সুবিধা নেই।’

তিনি আরও বলেন, আইসিইউ’র রোগীদের সরিয়ে নেওয়া ‘কার্যত অসম্ভব।’ বুধবার ইসরাইলি হামলায় আহতদের চিকিৎসাও সেখানে দেওয়া হচ্ছে। দুটি হাসপাতালই পূর্ণ সক্ষমতা নিয়ে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, ‘আমি ইসরাইলকে এই নির্দেশ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী, রোগী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে অনুরোধ করছি।’

লেবাননের কর্তৃপক্ষ জানায়, গত ২ মার্চ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরুর পর বুধবার সবচেয়ে বড় হামলা চালায় ইসরাইল। এতে দুই শতাধিক মানুষ নিহত হন।

ইসরাইল বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলার আগে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়ে আসছে। তবে বৃহস্পতিবারের ঘোষণায় লেবাননের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকাও অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, রফিক হারিরি হাসপাতাল দেশটির সবচেয়ে বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান।