শিরোনাম

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আলি খামেনি স্মরণে বৃহস্পতিবার ইরানে হাজারো মানুষ সমাবেশ করেছে।
প্রায় চার দশক দেশ শাসনের পর নিহত খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। তবে যুদ্ধ শুরুর আগে থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি এবং বৃহস্পতিবার দেশজুড়ে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে তার উপস্থিতি অনিশ্চিত ছিল।
তেহরান থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, উত্তর-পশ্চিমের উরমিয়া, উত্তর-পূর্বের গোরগান এবং রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ সমাবেশে অংশ নেয়। অনেকেই প্রয়াত বিপ্লবী নেতার প্রতিকৃতি বহন করছিলেন।
জাতীয়ভাবে এই শ্রদ্ধা নিবেদন শুরু হয় সকাল ৯টা ৪০ মিনিটে। ২৮ ফেব্রুয়ারি এই সময়ে তেহরানে নিজ বাসভবনে অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে একযোগে হামলায় আলি খামেনি নিহত হন।
এই হামলার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা হয়, যা দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানে এবং ইসরাইলে হামলা চালায়।
যুদ্ধ পরিস্থিতির কারণে এখনো নিহত নেতার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়নি।