বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৬:২২

যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সদরদপ্তর, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস  মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তির জন্য সব পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ সদরদপ্তর থেকে এএফপি জানায়, মহাসচিবের মুখপাত্র স্তেফানে দুজারিক এক বিবৃতিতে বলেন, ‘মহাসচিব যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।’

তিনি আরও বলেন, জাতিসংঘ প্রধান ‘মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে এবং যুদ্ধবিরতির শর্তাবলি অনুসরণ করতে আহ্বান জানিয়েছেন, যাতে করে এই অঞ্চলে একটি স্থায়ী ও সামগ্রিক শান্তির পথ সুগম হয়।’