শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : লেবাননের সিডন শহরে ইসরাইলি হামলায় আট ব্যক্তি নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দক্ষিণ লেবাননের সিডনে ইসরাইলি শত্রুর হামলায় প্রাথমিকভাবে আটজন শহিদ ও ২২ জন আহত হয়েছে।’
ঘটনাস্থলে থাকা এএফপি-এর এক আলোকচিত্রী জানান, উপকূলীয় শহরের সমুদ্রতীরবর্তী এলাকায় হামলা হয়েছে। তিনি একটি ক্যাফে থেকে আগুনের শিখা উঠছে এবং ভাঙা কাঁচের জানালাগুলো রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে বলে জানান।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছেন এবং সেনাবাহিনী এলাকাটি ঘিরে ফেলে। কাছাকাছি পার্ক করা গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় একটি সংস্থার প্যারামেডিক এএফপিকে বলেন, সিডনের সমুদ্রতীরবর্তী সড়কে হামলার খবর আমাদের জানানো হয়। আমরা দুটি দল পাঠিয়েছিলাম, কিন্তু বিপুল সংখ্যক হতাহতের কারণে তারা অতিরিক্ত সাহায্য চেয়েছে।
তিনি জানান, জরুরি দলগুলো ঘটনাস্থল থেকে আহত অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই হামলাটি এমন এক সময়ে হয়, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের মিত্ররাও অন্তর্ভুক্ত এবং এটি ‘লেবাননসহ সর্বত্র’ কার্যকর রয়েছে।
মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।