শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোয় হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পরপরই ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়।
বুধবার ভোরে স্বল্প সময়ের ব্যবধানে তিন দফা সতর্কবার্তা জারি করে ইসরাইলি সামরিক বাহিনী। জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
এর আগে ট্রাম্প জানান, ইরানের ওপর বিধ্বংসী হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে তিনি সম্মত হয়েছেন। পাশাপাশি, তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি পুনরায় খুলে দিলে যুদ্ধবিরতিতেও প্রস্তুত আছেন তিনি।
ইসরাইলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, ‘ইরান থেকে ইসরাইল রাষ্ট্রের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।’
এএফপির সংবাদদাতারা জানান, অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম ও জেরিকোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ক্ষেপণাস্ত্র সতর্কবার্তা পাওয়া এলাকাগুলোর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী।
বুধবার প্রথম সতর্কবার্তার এক ঘণ্টার মধ্যে একই ধরনের আরেকটি সতর্কতা জারি করা হয়। এরও কম সময়ের ব্যবধানে তৃতীয় সতর্কবার্তা দেওয়া হয়।