বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৯

অরবানকে সমর্থন দিতে হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস): মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার রাতে হাঙ্গেরির উদ্দেশে রওনা হয়েছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংসদীয় নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের মিত্র জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন জানাতে ভ্যান্সের এই সফর বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওয়াশিংটনের বাইরে অ্যান্ড্রুজ এয়ার ফোর্স ঘাঁটি থেকে রওনা হওয়ার আগে ভ্যান্স সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র-হাঙ্গেরি সম্পর্কসহ ইউরোপ ও ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা হবে।

তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতি অনুসারে জানা গেছে, ভ্যান্স অরবানের সঙ্গে বৈঠক করবেন এবং ‘যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির ‘দৃঢ় অংশীদারিত্ব’ নিয়ে বক্তব্যও দেবেন বলে আশা করা হচ্ছে।

৪১ বছর বয়সী ভ্যান্স মার্কিন প্রশাসনের মধ্যে ইউরোপের মধ্যপন্থী ও প্রগতিশীল সরকারগুলোর কড়া সমালোচক হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি ইউরোপের ডানপন্থী দলগুলোর শক্ত সমর্থক।

রোববারের নির্বাচনের আগে এই সফরকে অরবানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন হিসেবে দেখা হচ্ছে। ৬২ বছর বয়সী অরবান টানা ১৬ বছর ধরে ক্ষমতায় রয়েছেন এবং তাকে মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার গোপন সহায়তা তার পুনর্নির্বাচনের সম্ভাবনা বাড়িয়েছে।

অন্যদিকে, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, ইউরোপপন্থী রক্ষণশীল পিটার ম্যাগিয়ারের নেতৃত্বাধীন টিসা পার্টির বড় জয়ের সম্ভাবনা রয়েছে। 

গত দুই বছরে পিটার ম্যাগিয়ার এমন একটি বিরোধী শক্তি গড়ে তুলেছেন, যা অরবানের দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছে। অরবানের শাসনব্যবস্থাকে অনেকেই দেশকে ‘অগণতান্ত্রিক’ মডেলে হিসেবে রূপান্তরিত করেছেন বলে মনে করেন।

তবে সরকারপন্থী প্রতিষ্ঠানগুলো বলেছে, অরবানের ফিদেস-কেডিএনপি জোটই জয়ী হবে।

ক্ষমতায় ফিরে আসার পর থেকে ট্রাম্প প্রশাসন বিদেশি নির্বাচনে আগের মতো নিরপেক্ষতা বজায় রাখেনি। বরং নিজেদের আদর্শ ও কূটনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেতাদের প্রকাশ্যে সমর্থন দিচ্ছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত ফেব্রুয়ারিতে বুদাপেস্ট সফর করে অরবানের সাফল্য কামনা করেন।

অভিবাসনবিরোধী নীতিতে অরবান ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে একমত। গত এক দশক আগে শরণার্থী সংকটের সময় এই নীতি হাঙ্গেরিতে বিশেষভাবে সামনে আসেন। তিনি একাধিকবার ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টেও গিয়েছেন।

এই সফরে ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সও তার সঙ্গে রয়েছেন।