বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৯:৩৮

ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের 

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস): ইসরাইলের সেনাবাহিনী সোমবার জানিয়েছে, তারা তেহরানে একদিন আগে চালানো হামলায় ইরানের কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডারকে হত্যা করেছে।

কুদস ফোর্স ইরানের শক্তিশালী রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) বিদেশি অভিযান শাখা।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল ইসরাইলি বিমানবাহিনী তেহরানে হামলা চালিয়ে ২০১৯ সাল থেকে কুদস ফোর্সের বিশেষ অপারেশন ইউনিট (৮৪০)-এর কমান্ডার আসগর বাঘেরিকে নির্মূল করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, বাকেরি সাম্প্রতিক বছরগুলোতে কুদস ফোর্সে একাধিক উচ্চপদে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ‘বিশ্বজুড়ে ইসরাইলি ও মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলায় জড়িত ছিলেন’ বলে অভিযোগ করা হয়েছে।