বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৯:২৪

ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস): ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, ইসরাইলের হামলার পর পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানির বরাতে জানায়, সোমবার ইসরাইল আসালুয়েহ অঞ্চলের দক্ষিণ পার্স পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বোমা হামলা চালায়। এটি ইরানের জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে পেট্রোলিয়াম উপজাত উৎপাদন এবং কাতারের সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রের যৌথ কার্যক্রম পরিচালিত হয়। খবর এএফপি’র।

সংস্থাটি জানায়, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে প্রযুক্তিগত বিষয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইল এই হামলার দায় স্বীকার করেছে।