শিরোনাম

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস): জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক সোমবার সতর্ক করে বলেছেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হামলা ‘পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বাস্তব ঝুঁকি তৈরি করছে এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে।’
দক্ষিণ ইরানে অবস্থিত এই কেন্দ্রটিতে ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি রিঅ্যাক্টর রয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি চারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সর্বশেষ হামলার ঘটনা শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়।
ভিয়েনা থেকে এএফপি জানায়, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, এই ধরনের হামলা ‘গুরুতর তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটাতে পারে, যার ক্ষতিকর প্রভাব ইরানের জনগণসহ এর বাইরেও পড়তে পারে।’
সংস্থাটি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে সর্বশেষ হামলায় স্থাপনাটির কাছে আঘাত হানা হয়েছে, তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির মূল অংশ ক্ষতিগ্রস্ত হয়নি।
গ্রোসি আরও জানান, একটি হামলা বিদ্যুৎকেন্দ্রের সীমানা থেকে মাত্র ৭৫ মিটার দূরে আঘাত হেনেছে।
তিনি বলেন, ‘কোনো পারমাণবিক স্থাপনা এবং এর আশপাশের এলাকা কখনোই হামলার লক্ষ্য হওয়া উচিত নয়।’
আইএইএ’র তথ্য অনুযায়ী, রাশিয়ার সহায়তায় নির্মিত বুশেহর হলো ইরানের একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সর্বশেষ হামলার পর কেন্দ্রটির ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে প্রায় ১০০ জন রুশ কর্মী এখনো সেখানে অবস্থান করছেন।