বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৭:৩০

শ্রীলঙ্কায় রান্নার গ্যাসের দাম ২৩ শতাংশ বৃদ্ধি

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে শ্রীলঙ্কা সোমবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রায় এক-চতুর্থাংশ বাড়িয়েছে।

গ্যাসের পাশাপাশি শ্রীলঙ্কা তাদের সমস্ত তেল আমদানি করে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাও কিনে থাকে।

কলম্বো থেকে এএফপি জানায়, দেশটির সরকার সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ ২০২২ সালের অর্থনৈতিক বিপর্যয় থেকে উত্তরণের প্রচেষ্টাকে গুরুতরভাবে বাধাগ্রস্ত করতে পারে।

সোমবারের এই মূল্যবৃদ্ধি গত মাসে ৮ শতাংশ বৃদ্ধির পর আবারও বাড়ানো হলো।

দেশটির একটি বেসরকারি কোম্পানি, যা অভ্যন্তরীণ এলপিজি বাজারের প্রায় এক-চতুর্থাংশ নিয়ন্ত্রণ করে, তাদের খুচরা মূল্য ২৩ শতাংশ বাড়িয়ে ৫,৭০০ রুপি (১৮ দশমিক ০৮ ডলার) নির্ধারণ করেছে, যা আগে ছিল ৪,৬৩০ রুপি (১৪ দশমিক ৬৯ ডলার)।

রাষ্ট্রায়ত্ত ‘লিট্রো গ্যাস’, যা রান্নার চুলায় ব্যবহৃত এলপিজির প্রধান সরবরাহকারী, ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের মূল্য ৩,৯৯০ রুপি থেকে বাড়িয়ে ৪,৭৬৫ রুপি নির্ধারণ করেছে—যা ১৯ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি।

লিট্রোর এক মুখপাত্র বলেন, ‘এপ্রিল মাসের জন্য আমাদের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।’ তিনি আরও জানান, বৈশ্বিক এলপিজির দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে হামলা এবং পাল্টা আক্রমণের ফলে বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে যাওয়ায় শ্রীলঙ্কা জ্বালানি ও বিদ্যুতের দাম এক-তৃতীয়াংশের বেশি বাড়িয়েছিল।

সাধারণ সময়ে বৈশ্বিক অপরিশোধিত তেল ও গ্যাস রপ্তানির প্রায় ২০ শতাংশ যাতায়াত করে এমন গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী যুদ্ধ শুরুর পর থেকে কার্যত বন্ধ রয়েছে।