বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৭:০৮

মার্কিন উদ্ধার অভিযান ‘সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির ছদ্মাবরণ’ হতে পারে: ইরান

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস): ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দাবি করেছে, ভূপাতিত মার্কিন বিমানসেনাকে উদ্ধারের নামে পরিচালিত যুক্তরাষ্ট্রের অভিযানটি ইরানের ‘সমৃদ্ধকৃত ইউরেনিয়াম চুরির ছদ্মাবরণ’ হতে পারে।

রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শুক্রবার ইরানের আকাশে ভূপাতিত একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে ‘দুঃসাহসিক’ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী এই অভিযানকে ‘প্রতারণামূলক ও পালানোর মিশন’ হিসেবে উল্লেখ করে দাবি করেছে, এটি ‘সম্পূর্ণভাবে নস্যাৎ’ করা হয়েছে।

তেহরান থেকে এএফপি জানায়, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকায়ি বলেন, এই অভিযানের বিষয়ে ‘অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা’ রয়েছে।

তিনি বলেন, ‘যেখানে মার্কিন পাইলট থাকার দাবি করা হয়েছে—কোহগিলুইয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশে—তা কেন্দ্রীয় ইরানে যেখানে তারা অবতরণ বা অবতরণের চেষ্টা করেছিল, সেই স্থান থেকে অনেক দূরে।’

তিনি আরও বলেন, ‘এটি সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির একটি প্রতারণামূলক অভিযান হতে পারে—এই সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।’

তিনি দাবি করেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের জন্য ‘একটি বিপর্যয়’ ছিল।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানের সময় আঘাতপ্রাপ্ত হয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি উড়োজাহাজকে দক্ষিণ ইসফাহান প্রদেশে ‘জরুরি অবতরণ’ করতে হয় এবং পরবর্তীতে সেগুলো যাতে ইরানের হাতে না পড়ে, সেজন্য যুক্তরাষ্ট্র সেগুলোর ওপর ভারী বোমা হামলা চালাতে বাধ্য হয়।