শিরোনাম

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সর্বশেষ অর্থনৈতিক ঘটনাবলি প্যারিস থেকে পাঠানো এএফপির প্রতিবেদন নিচে তুলে ধরা হলো:
হরমুজ প্রণালী দিয়ে আরও জাহাজ চলাচল
শুক্রবারের সামুদ্রিক তথ্য অনুযায়ী, ফরাসি ও জাপানি মালিকানাধীন কয়েকটি জাহাজ যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পর থেকে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, দুটি জাহাজ বৃহস্পতিবার প্রণালী পার হয়েছে।
এ ছাড়া তিনটি তেলবাহী ট্যাংকার—যার একটি জাপানি কোম্পানির সহ-মালিকানাধীন বিকল্প দক্ষিণাঞ্চলীয় পথ ব্যবহার করে প্রণালী অতিক্রম করেছে। প্রায় তিন সপ্তাহের মধ্যে এই প্রথম তারা ওমানের মুসানদাম উপদ্বীপের তীরঘেঁষা পথ ব্যবহার করে, জানিয়েছে লয়েডস লিস্ট।
আমিরাতে গ্যাস স্থাপনায় অগ্নিকাণ্ডে নিহত ১
শুক্রবার আবুধাবির একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। প্রতিহত করা হামলার ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত হয় বলে সরকারি গণমাধ্যম জানিয়েছে।
স্থাপনাটিতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে বলেও জানানো হয়েছে।
ইতালির কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস হ্রাস
যুদ্ধজনিত ‘হঠাৎ জ্বালানির মূল্যবৃদ্ধি’র কারণে ইতালির কেন্দ্রীয় ব্যাংক তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে।
ব্যাংক অব ইতালি এখন আশা করছে, এ বছর ও আগামী বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি হবে ০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৮ সালে তা ০ দশমিক ৮ শতাংশে পৌঁছবে।
এর আগে ২০২৬ সালে ০ দশমিক ৬ শতাংশ এবং ২০২৭ সালে ০ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বাজেট অনুমোদনের জন্য আইনপ্রণেতাদের কাছে আহ্বান জানিয়েছেন।
ইরানের সঙ্গে যুদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যয়ের চাপ বাড়ার প্রেক্ষাপটে এই প্রস্তাব দেওয়া হয়েছে।
এতে এক বছরে পেন্টাগনের ব্যয় ৪০ শতাংশের বেশি বাড়বে—যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় বৃদ্ধি।
আমিরাতের অ্যালুমিনিয়াম উৎপাদন পুনরুদ্ধারে সময় লাগবে
বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আবুধাবির তাদের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় পূর্ণ উৎপাদনে ফিরতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের একাধিক গলন কারখানায় হামলা চালিয়েছে, দাবি করেছে এগুলো যুক্তরাষ্ট্রের সামরিক সরবরাহে ভূমিকা রাখে।
ইসরাইলের গ্যাসক্ষেত্র পুনরায় চালু
ইসরাইল তাদের লেভিয়াথান অফশোর প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে পুনরায় কার্যক্রম শুরু করেছে।
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর এটি বন্ধ ছিল, ফলে মিশর ও জর্ডানে গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল।
বাংলাদেশে অফিস সময় কমানো
জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার শুক্রবার থেকে অফিস ও দোকান-পাট খোলা রাখার সময়সীমা কমিয়েছে এবং বিয়েতে আলোকসজ্জা নিষিদ্ধ করেছে, যাতে জ্বালানি সাশ্রয় করা যায়।
বাংলাদেশ তার তেল ও গ্যাসের ৯৫ শতাংশ আমদানি করে। প্রায় ৬০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে আমদানি করা গ্যাস ব্যবহৃত হয়, আর কৃষিকাজে প্রধানত ডিজেল ব্যবহৃত হয়।
পাকিস্তানে বিনামূল্যে বাসযাত্রা
সরকারি পরিবহন ব্যবস্থায় পাকিস্তানের রাজধানী ও সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী এক মাস বাসযাত্রা বিনামূল্যে করা হয়েছে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।
এর কয়েক ঘণ্টা আগে পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম ৫৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে বিক্ষোভ এবং পেট্রোল পাম্পে দীর্ঘ সারি দেখা দেয়।
খাদ্যের দাম বৃদ্ধি
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, জ্বালানি ও সার ব্যয়ের বৃদ্ধির কারণে মার্চ মাসে তাদের খাদ্যমূল্য সূচক ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
অস্ট্রেলিয়ায় জ্বালানি সংকটের আশঙ্কা
ইস্টার ছুটিতে দীর্ঘ ভ্রমণের আগে গাড়িচালকদের শহরের পেট্রোল পাম্প থেকে জ্বালানি ভরার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন জানান, গ্রামীণ এলাকার শত শত পাম্পে ডিজেল শেষ হয়ে গেছে এবং শতাধিক পাম্পে অকটেনবিহীন পেট্রোল নেই।