বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৮:০৯

মার্কিন বিমানসেনা উদ্ধার অভিযান ‘সম্পূর্ণ নস্যাৎ’: ইরান সেনাবাহিনী

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরানের সামরিক বাহিনী রোববার দাবি করেছে, ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের বিমানসেনাকে উদ্ধারের জন্য চালানো যুক্তরাষ্ট্রের অভিযান ‘সম্পূর্ণভাবে নস্যাৎ’ করা হয়েছে। তবে ওই বিমানসেনাকে আটক করা হয়েছে এমন কোনো ইঙ্গিত তারা দেয়নি।

এই বক্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই কর্মকর্তা উদ্ধার হয়েছেন এবং তিনি ‘সম্পূর্ণ নিরাপদে’ আছেন।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ‘দক্ষিণ ইসফাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দরে ভূপাতিত বিমানের পাইলট উদ্ধারের অজুহাতে প্রতারণামূলক ও পালানোর উদ্দেশ্যে পরিকল্পিত তথাকথিত মার্কিন সামরিক উদ্ধার অভিযানটি সম্পূর্ণভাবে নস্যাৎ করা হয়েছে।’

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই অভিযানের সময় ‘দুটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।’

তিনি আরও বলেন, বাস্তব পরিস্থিতি ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও ট্রাম্প ‘ফাঁকা বুলি ও বিভ্রান্তিমূলক বক্তব্য’ দিয়ে যাচ্ছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে মরুভূমি এলাকায় ছড়িয়ে থাকা পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে, যেখান থেকে এখনো ধোঁয়া উঠছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, এই উদ্ধার অভিযানের সময় চালানো হামলায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন। তবে তারা বেসামরিক নাকি সামরিক সদস্য—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার থেকে ইরানি গণমাধ্যমে এমন ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দাদের পতাকা ও রাইফেল হাতে বিমানসেনাকে খুঁজতে দেখা যায়। কর্তৃপক্ষ তথ্য দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করার পর তারা এই অনুসন্ধানে অংশ নেয়।