শিরোনাম

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে সেনাবাহিনী অভিযান শুরু করেছে।
ইরানের ওই সংবাদমাধ্যমের বরাত দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, ‘আজ আগে আঘাতপ্রাপ্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে বের করতে সামরিক বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করেছে।’
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল দাবি করেছে, তারা ভূপাতিত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ফুটেজ প্রচার করেছে।
ফার্স আরও জানায়, বিমানটি মধ্য ইরানের আকাশে লক্ষ্যবস্তু করা হয় এবং সম্ভবত কোহগিলুয়েহ ও বোয়ের আহমাদ প্রদেশে বিধ্বস্ত হয়েছে। এ তথ্য পুলিশের একটি বিবৃতির বরাতে দেওয়া হয়েছে।
বিবৃতিতে ওই এলাকার বাসিন্দাদের পাইলট বা পাইলটদের সন্ধানে অংশ নিতে বলা হয়েছে এবং কোনো মার্কিন সেনাকে আটক করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণার কথাও উল্লেখ করা হয়েছে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে এএফপির মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
এই ঘটনা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ শুরুর পর (২৮ ফেব্রুয়ারি) ইরানের ভূখণ্ডে কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রথম রিপোর্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।