শিরোনাম

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিগা জানিয়েছেন, রাশিয়া শুক্রবার ইউক্রেনের ওপর প্রায় ৫০০টি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা সাম্প্রতিক সময়ে দিনের বেলায় হামলা বৃদ্ধির অংশ।
কিয়েভ থেকে এএফপি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘প্রায় অর্ধ-হাজার ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে আঘাত হেনেছে।’ তিনি অভিযোগ করেন, ‘সন্ত্রাসী রাশিয়া ইচ্ছাকৃতভাবে দিনের আলোতেই হামলা চালাচ্ছে, যাতে বেসামরিক হতাহত ও ক্ষয়ক্ষতি সর্বাধিক হয়।’
এদিকে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘উক্রেনেরগো’ জানিয়েছে, ‘বৃহৎ পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে দেশজুড়ে জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্নতা (লোডশেডিং) কার্যকর করা হয়েছে।’