শিরোনাম

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বশেষ পরিস্থিতি প্যারিস থেকে পাঠেিনা এএফপির প্রতিবেদন অনুযায়ী নিচে তুলে ধরা হলো:
ধর্মীয় আয়োজন স্থগিত
সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই-এ যুদ্ধ পরিস্থিতির কারণে সব ইস্টার প্রার্থনা (মাস) বাতিল করা হয়েছে বলে দুটি ক্যাথলিক গির্জা জানিয়েছে।
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল
একটি ফরাসি মালিকানাধীন বলে পরিচয় দেওয়া কনটেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে সামুদ্রিক তথ্য বিশ্লেষণে জানা গেছে। মাল্টার পতাকাবাহী ‘ক্রিবি’ নামের জাহাজটি ওমান উপকূলের কাছে অবস্থান করছে।
ইউক্রেনের প্রস্তাব
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ হরমুজ প্রণালী খুলে দিতে সহায়তা করতে পারে। তিনি কৃষ্ণসাগরে নৌপথ চালু করার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।
কুয়েতে স্থাপনায় হামলা
কুয়েত-এর একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি শোধনাগার কমপ্লেক্সে ইরানের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিদ্যুৎ ও পানিসেবায় বড় কোনো বিঘ্ন ঘটেনি।
গ্যাস কমপ্লেক্সে আগুন
আবুধাবির হাবশান গ্যাস কমপ্লেক্সে একটি হামলার ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগায় কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে হয়েছে।
ইসরাইলের হামলা
ইসরাইল জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে তারা ৩,৫০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইরানের সতর্কবার্তা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘে হরমুজ প্রণালী রক্ষায় শক্তি ব্যবহারের উদ্যোগকে ‘উসকানিমূলক’ বলে সতর্ক করেছেন।
জাতিসংঘে ভোট স্থগিত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল রক্ষায় সামরিক শক্তি ব্যবহারের প্রস্তাবের ওপর নির্ধারিত ভোট স্থগিত করেছে।
ট্রাম্পের হুমকি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো ‘ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা শুরুই করেনি’ এবং সেতু ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু হতে পারে।
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা
ইসরাইল জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
উপসাগরে নতুন হামলা
কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তেল শোধনাগারে হামলায় আগুন লেগেছে। একই সময়ে বাহরাইন-এ সাইরেন বেজে ওঠায় নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হিজবুল্লাহর রকেট হামলা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরাইলের একাধিক এলাকায় রকেট হামলার দাবি করেছে।
ইরানের নতুন হামলা
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে মার্কিন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান এবং ইসরাইলে একটি অস্ত্র কারখানায় নতুন করে হামলা চালিয়েছে।
জ্বালানি সংকটে পাকিস্তান
যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পাকিস্তান পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ এবং ডিজেলের দাম ৫৪.৯ শতাংশ বাড়িয়েছে।