শিরোনাম

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাশিয়ার উলিয়ানোভস্ক অঞ্চলে একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দুর্ঘটনাটি মস্কো থেকে প্রায় ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) দূরে উলিয়ানোভস্ক এলাকায় ঘটে। এতে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়।
চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সেই টেক্সলার টেলিগ্রামে জানান, ‘কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অন্তত ২২ জন আহত হয়েছেন।’
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দুজন যাত্রীর হাড় ভেঙেছে। বাকিরা আঘাতপ্রাপ্ত হয়েছেন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, রেল নিরাপত্তা ও পরিচালনাগত নিয়ম ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
আরআইএ নভোস্তি সংবাদ সংস্থার বরাত দিয়ে রাশিয়ান রেলওয়ে (আরজেডডি)-এর এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৪১২ জন যাত্রী ছিলেন।