বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ২০:৫৪

হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির

ঢাকা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : আফ্রিকায় খাদ্য সংকট এড়াতে হরমুজ প্রণালি দিয়ে সার ও অন্যান্য জরুরি পণ্য পরিবহনের জন্য একটি ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি।

রোম থেকে এএফপি জানায়, ব্রিটেনের সমন্বয়ে আয়োজিত ইরান বিষয়ক এক বৈঠকে ভিডিওর মাধ্যমে অংশ নেন আন্তোনিও তায়ানি। তিনি এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালি দিয়ে সার ও অন্যান্য মানবিক পণ্য পরিবহন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে বলা হয়, তায়ানি নেদারল্যান্ডসের মন্ত্রী ও সংযুক্ত আরব আমিরাতের উপ-মন্ত্রীর সঙ্গে মিলে জাতিসংঘের সঙ্গে কাজ করে যত দ্রুত সম্ভব একটি ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিশেষ করে সার ও অন্যান্য সব পণ্য পরিবহনে গুরুত্বারোপ করেন। এটি আফ্রিকার দেশগুলোতে নতুন খাদ্য সংকট প্রতিরোধের জন্য অপরিহার্য।