বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৫:০৮

সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক মাস পেরিয়ে যাওয়ার পর, উপসাগরীয় অঞ্চলে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে কুয়েতের শীর্ষস্থানীয় ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব কুয়েত রাজধানীতে তাদের সদর দপ্তর দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। 

ব্যাংকটি এক বিবৃতিতে জানায়, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং সবার নিরাপত্তা ও ব্যবসার ধারাবাহিকতা নিশ্চিত করতে আজ বুধবার ও আগামীকাল আমাদের সদর দপ্তর এবং সুবহান শাখা বন্ধ থাকবে।’

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।

দেশটির বৃহত্তম ব্যাংকগুলোর একটি এনবিকি শিল্পাঞ্চল সুবহানে তাদের একটি শাখাও বন্ধ রেখেছে। এলাকাটি নিরাপত্তা ও সরকারি স্থাপনার জন্য পরিচিত ও বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত। 

এই বিমানবন্দর ইতোমধ্যেই ইরানের একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
কুয়েত সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে, বুধবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ইরানের একটি ড্রোন হামলায় বিমানবন্দর লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে এক জ্বালানি ট্যাংকে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে শুরু হওয়া এই যুদ্ধে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোই ইরানের হামলার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

তেহরান উপসাগরজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছে।