বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৪:৩১

তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) :  তুরস্কের দক্ষিণ-পশ্চিম বোদরুম উপকূলের কাছে আজ বুধবার এজিয়ান সাগরে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ১৮ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নৌকাটিতে থাকা অন্যদের উদ্ধার করা হয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ২১ জন অভিবাসীকে জীবিত এবং ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

তবে, অভিবাসীদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

উপকূলরক্ষী বাহিনী বলেছে, ‘নিখোঁজ অভিবাসীদের অবস্থা নির্ধারণের প্রচেষ্টা এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

তুরস্ক থেকে গ্রিক দ্বীপপুঞ্জে যাওয়ার এই বিপজ্জনক পথে নৌকা দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। 

গ্রিক দ্বীপপুঞ্জ ইউরোপীয় ইউনিয়নের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।