শিরোনাম

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, আজ বুধবার ভোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে সফলভাবে প্রতিহত করেছে।
চলমান আগ্রাসনের প্রতিবাদে ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের ওপর ধারাবাহিক হামলার দায় স্বীকার করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি বাহিনী ‘ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত ও ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় রয়েছে।’
পরে ঘোষণা করা হয় যে দেশের সকল এলাকার বাসিন্দাদের ‘সুরক্ষিত স্থান ত্যাগ করার’ অনুমতি দেওয়া হয়েছে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা চলতি সপ্তাহে ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় স্বীকার করেছে, যা চলতি যুদ্ধে তাদের প্রথম হামলা।
ইসরাইলি সামরিক বাহিনী গত সোমবার আরও জানিয়েছে যে ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
ইয়েমেন থেকে হুতিরা লোহিত সাগর দিয়ে নৌচলাচল ব্যাহত করতে পারে, যেমনটা তারা গাজায় ইসরাইলের যুদ্ধের চরম পর্যায়ে করেছিল।
হুতিরা এর আগেও লোহিত সাগর ও সুয়েজ খাল দিয়ে নৌচলাচলের ব্যাপারে হুমকি দিয়েছে।
লোহিত সাগরের এই এলাকা ও সুয়েজ খাল ব্যবহার করতে হলে, জাহাজগুলোকে ইয়েমেনের উপকূলের পাশে থাকা একটি সংকীর্ণ প্রণালি দিয়ে যেতে হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ ও সুরক্ষার জন্য সংবেদনশীল।