বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৩:২১

কাতারের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : কাতারের রাজধানী দোহার উপকূলের কাছে উপসাগরে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বুধবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, দোহা থেকে ১৭ নটিক্যাল মাইল (৩১ কিলোমিটার) উত্তরে এ ঘটনা ঘটে। 

তারা আরও জানায়, ‘একটি অজ্ঞাত বস্তু জাহাজের এক পাশে আঘাত হানে। এতে জাহাজটির পানির ওপরে থাকা অংশে ক্ষতি হয়েছে।’

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউকেএমটিও আরও জানায়, জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন। এ ঘটনায় কোনো পরিবেশগত ক্ষতি হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে ।