শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : রাশিয়ার বন্দরনগরী তাগানরোগে গতরাতে ড্রোন হামলায় একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছে । সোমবার ভোরে শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।
মেয়র স্বেতলানা কামবুলোভা জানান, রোস্তভ অঞ্চলে হামলাটি প্রতিহত করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ভবনের ওপর পড়ে বড় গর্ত সৃষ্টি করে।
এতে শহরজুড়ে জরুরি সেবা সংস্থার তৎপরতা শুরু হয়। মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
তিনি টেলিগ্রামে লেখেন, ‘এই রাতের সবচেয়ে বড় ট্র্যাজেডি একজন বেসামরিক নাগরিকের মৃত্যু।’
তিনি আরও জানান, ‘তাগনরোগের আরও আটজন বাসিন্দা চিকিৎসা নিয়েছেন।’
আরও দক্ষিণে ক্রাসনোদারে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।
এদিকে বেলগোরোদে ইউক্রেনের ড্রোন হামলায় দুটি গাড়িতে আঘাত লাগে। এতে দুই নারী ড্রোনের ধাতব টুকরার আঘাতে আহত হয়েছেন বলে জানান অঞ্চলটির গভর্নর।
সীমান্তের ওপারে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। রুশ বোমারু বিমান উড্ডয়নের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই সতর্কতা দেয় দেশটির বিমান বাহিনী।