শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের ফলে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন বা ‘রেজিম চেঞ্জ’ হয়েছে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আমরা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবো—এ ব্যাপারে আমি বেশ নিশ্চিত। তিনি বলেন, তবে ইতোমধ্যেই সেখানে শাসনব্যবস্থার পরিবর্তন হয়েছে।’
তিনি আরও বলেন, গত এক মাসের যুদ্ধে ইরানের অনেক শীর্ষ নেতা নিহত হওয়ায় দেশটি এখন নতুন নেতৃত্বের অধীনে চলছে। তিনি বলেন, ‘আমরা এখন এমন একদল মানুষের সঙ্গে কাজ করছি, যাদের সঙ্গে আগে কেউ কাজ করেনি। এটি সম্পূর্ণ ভিন্ন একটি গোষ্ঠী—তাই আমি এটিকে শাসন পরিবর্তন বলব।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর দিনে এক বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির নিহত হওয়ায় তার পুত্র মোজতবা খামেনিকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়েছে।
এদিকে, সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যায়।
তবে ট্রাম্প জানান, পরিস্থিতির উন্নতি হতে যাচ্ছে। তিনি বলেন, ইরান কিছু ছাড় দিতে রাজি হয়েছে এবং খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে আবার তেলবাহী জাহাজ চলাচল শুরু হবে।
তিনি বলেন, ‘তারা আমাদের প্রতি সম্মান দেখিয়ে ২০টি বড় তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। তিনি আরও জানান, আগামীকাল সকাল থেকে কয়েক দিনের মধ্যে এসব জাহাজ চলাচল শুরু হবে।